কমরেড মণি সিংহ-এর ২৬তম মৃত্যুবার্ষিকীতে সিপিবি’র শ্রদ্ধা নিবেদন

Posted: 31 ডিসেম্বর, 2016

ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, কৃষকের স্বার্থে গড়ে ওঠা ঐতিহাসিক টংক আন্দোলন, সমাজতন্ত্র তথা সাম্যবাদ প্রতিষ্ঠার সংগ্রামে উপমহাদেশের কিংবদন্তীর নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্থপতি, প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ২৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় শ্যামপুর শ্মশানে কমরেড মণি সিংহের স্মৃতিফলকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)সহ বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শ্যামপুর শ্মশানে পুষ্পমাল্য অর্পণকালে সিপিবি’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মো. শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, জাতীয় পরিষদ সদস্য চন্দন সিদ্ধান্ত, নুরুল ইসলাম গাজী, ঢাকা কমিটির সদস্য জাহিদ হোসেন খান, আবু তাহের বকুল, রতন কুমার দাস, সেকেন্দার হায়াৎ। এছাড়াও সিপিবি সূত্রাপুর থানার সম্পাদক বিকাশ সাহা, সাইফুল ইসলাম সমির প্রমুখ। কমরেড মণি সিংহের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা কমরেড সৈয়দ আবু জাফর আহমদ। সমাবেশটি পরিচালনা করে ঢাকা কমিটির কমরেড বিকাশ সাহা। কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি সমাপ্ত হয়। আজ ৩১ ডিসেম্বর থেকে নেত্রকোণার দুর্গাপুরে ‘কমরেড মণি সিংহ মেলা’ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। এছাড়াও কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির উদ্যোগে আগামী ৭ জানুয়ারি বিকেল ৩টায়, টিএসসি সড়কদ্বীপের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে কমরেড মণি সিংহ’র স্মরণসভা অনুষ্ঠিত হবে।