সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে সিপিবি’র গভীর উদ্বেগ
প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দাবি
Posted: 12 ডিসেম্বর, 2016
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে গতকাল রাতে মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, কয়েকদিন আগে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও, তার প্রকৃত কারণ এখনো উদ্ঘাটন করা হয়নি। ফলে ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। অগ্নিকাণ্ডে স্বল্প আয়ের বস্তিবাসীদের স্বপ্নও পুড়ে যাচ্ছে।
নেতৃবৃন্দ আরো বলেন, মুনাফার হিংস্রগ্রাসের নিচে এখন বস্তিবাসীদের জীবন আটকা পড়ে গেছে। মুনাফাখোরদের অন্যতম টার্গেট এখন নগরীর বস্তিগুলো। গরিব-মেহনতি মানুষের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে সরকার মুনাফাখোরদের স্বার্থ রক্ষা করছে। বস্তিউচ্ছেদের নীতি অনুসরণ করছে সরকার। বস্তিতে অগ্নিকাণ্ডকে তাই নিছক দুর্ঘটনা বলে বিবেচনা করা উচিত নয়। এর পেছনে সুদূরপ্রসারী ষড়যন্ত্র থাকতে পারে।
নেতৃবৃন্দ বস্তি উচ্ছেদ না করে বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান।