মিরপুরে শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ ও গুলির তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিবি
Posted: 05 ডিসেম্বর, 2016
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে আজ ৫ ডিসেম্বর মিরপুরের রেজাউল অ্যাপারেল পোশাক কারখানার শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ ও গুলির তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রেজাউল অ্যাপারেল পোশাক কারখানাটি মালিকপক্ষ মিরপুর থেকে গাজীপুরে স্থানান্তরিত করার উদ্যোগ নিয়েছে। কিন্তু শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন না দিয়েই বিনা নোটিশে হঠাৎ করে আজ কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। সকালে শ্রমিকরা কাজে যোদ দিতে এসে কারখানা বন্ধ দেখে, কারখানা খুলে দিয়ে তাদের বকেয়া বেতন দাবি করে ন্যায়সঙ্গতভাবেই বিক্ষোভ করেন। মালিকপক্ষের ভাড়াটে বাহিনী হিসেবে পুলিশ এসে শ্রমিকদের ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে। পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ ও গুলি করে। সন্তানসম্ভবা সোনিয়াসহ প্রায় ১৫ জন শ্রমিক আহত হন। কয়েকজনের অবস্থা গুরুতর। শ্রমিকদের অভিযোগ, গুলিতে নিহত একজনের লাশ পুলিশ গুম করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, হামলা করে, গুলি চালিয়ে শ্রমিকশ্রেণিকে কোনোভাবেই দমন করা যাবে না। হামলা, দমন-পীড়ন, গুলির জবাব আন্দোলনের মধ্য দিয়েই দেওয়া হবে। দমন-পীড়নের পথ থেকে সরকার সরে না আসলে, উদ্ভূত যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলার বিচার, হামলাকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান।