সিপিবি-বাসদ-এর আলোর মিছিলে কমরেড সেলিম কমরেড ফিদেল কাস্ত্রো অনন্য দৃষ্টান্ত হয়ে সারা বিশ্বের বিপ্লবীদের পথ দেখাবেন

Posted: 04 ডিসেম্বর, 2016

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তি-সংগ্রামের মহানায়ক কমরেড ফিদেল কাস্ত্রো সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাছে বিপ্লবের প্রতীক। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অনবদ্য বিপ্লব তিনি। বিপ্লবের দিশা পেতে তাঁর কাছে ছুটে যেতে হয়। কমরেড ফিদেল কাস্ত্রো অনন্য দৃষ্টান্ত হয়ে সারা বিশ্বের বিপ্লবীদের পথ দেখাবেন। কিংবদন্তি বিপ্লবী কমরেড ফিদেল কাস্ত্রো স্মরণে আজ ৪ ডিসেম্বর তাঁর শেষ কৃত্যানুষ্ঠানের দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ আয়োজিত আলোর মিছিলের পূর্বে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে কমরেড সেলিম এসব কথা বলেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন বাসদ-এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কমরেড সাজ্জাদ জহির চন্দন প্রমুখ। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিপিবি-বাসদ-এর আলোর মিছিল শুরু হয়। টিএসসি, শাহবাগ হয়ে মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের ‘শিখা চিরন্তনে’ গিয়ে শেষ হয়। মিছিল শুরুর আগে কমরেড ফিদেল কাস্ত্রোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। কমরেড সেলিম আরো বলেন, কিউবার বিপ্লবের মহানায়ক কাস্ত্রো তাঁর দেশের জনগণকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছেন। আর এই লড়াই ছড়িয়ে পড়েছে লাতিন আমেরিকা থেকে সারা বিশ্বে। মতাদর্শগত অবস্থানের কারণে কিউবা অনেক ছোট দেশ হয়েও, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চিন্তার বিষয় হয়ে উঠেছিল। সাম্রাজ্যবাদের চাপিয়ে দেওয়া অন্যায় অবরোধ, সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে তিনি কিউবার বিপ্লবকে শুধু রক্ষাই করেননি, কিউবাকে বিস্ময়করভাবে অগ্রসর করে নিয়ে গেছেন। সাম্রাজ্যবাদবিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে সমাজতন্ত্রের লড়াইয়ে বিপ্লবের প্রতীক হয়ে তিনি মুক্তিকামী মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। কমরেড ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন না করায় তিনি তীব্র সমালোচনা করেন। কমরেড খালেকুজ্জামান বলেন, কমরেড ফিদেল কাস্ত্রো হচ্ছেন দেশে দেশে শোষণমুক্তি ও জাতীয় মুক্তি আন্দোলনের অফুরন্ত প্রেরণা। কাস্ত্রোর কর্মের স্বীকৃতি আজ তার বিরোধীরাও অস্বীকার করতে পারছে না। সব মানুষের শিক্ষা, উন্নত স্বাস্থ্যের নিশ্চয়তা, নিরাপত্তা, বাসস্থান, কাজের নিশ্চয়তা দিয়েছে সমাজতান্ত্রিক কিউবা। আমেরিকার ৯০ মাইলের দূরত্বে অবস্থান করেও কিউবা সমাজতন্ত্রের ঝাণ্ডা ঊর্ধ্বে তুলে ধরে রেখেছিলেন, তা দুনিয়াব্যাপী সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের প্রেরণা হিসেবে চিরজাগরুক থাকবে। কমরেড খালেকুজ্জামান কিউবার বিপ্লব, কমরেড ফিদেল কাস্ত্রোর বিপ্লবী জীবন-সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশের শোষণমুক্তির লড়াইকে বেগবান করার জন্য সকল বাম প্রগতিশীল শক্তির প্রতি আহ্বান জানান। কমরেড জাফর বলেন, সমাজতন্ত্রের ঝাণ্ডা নিয়ে বিশ্বের নিপীড়িত ও আক্রান্ত মানুষের পাশে কমরেড ফিদেল কাস্ত্রো দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। তাঁর লড়াই কিউবায় সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ফিদেল কাস্ত্রো ও তাঁর দলের অকুণ্ঠ সমর্থনের কথা বাংলাদেশের জনগণ চিরদিন কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করবে।