কমরেড ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস
পালন না করায় সিপিবি’র তীব্র ক্ষোভ
Posted: 29 নভেম্বর, 2016
বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তি-সংগ্রামের মহানায়ক কিংবদন্তি বিপ্লবী বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কমরেড ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক দিবস পালন না করায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি কমরেড ফিদেল কাস্ত্রো, তাঁর দল এবং কিউবার জনগণ অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশকে নানাভাবে ফিদেল কাস্ত্রো সহযোগিতা করেছেন। বাংলাদেশের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে বাংলাদেশ সরকার তাঁকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায়’ও ভূষিত করে। তাঁর অবদানের কথা বাংলাদেশের জনগণ কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বিপ্লবী কিংবদন্তি কমরেড ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত হলেও, বাংলাদেশে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হচ্ছে না। অথচ বছর খানেক আগে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতাকারী একটি দেশের বাদশার মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হয়েছিল এবং বাংলাদেশের রাষ্ট্রপতি শোক জানাতে সে দেশে ছুটে গিয়েছিলেন। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশের নেতার ক্ষেত্রে রাষ্ট্রীয় শোক দিবস পালন আর মুক্তিযুদ্ধের পক্ষের দেশের নেতার ক্ষেত্রে রাষ্ট্রীয় শোক দিবস পালন না করার বিষয়টি খুবই দুঃখজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য।
বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ কমরেড ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে দ্রুতই রাষ্ট্রীয় শোক দিবসের ঘোষণা দেওয়া এবং তাঁর শেষকৃত্যানুষ্ঠানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর যোগদানের দাবি জানান।