যশোরের সিপিবি নেতা নান্নুকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তারের নিন্দা এবং অবিলম্বে তার মুক্তি দাবি করেছে সিপিবি

Posted: 24 নভেম্বর, 2016

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে সিপিবি’র যশোরের কেশবপুরের সম্পাদক কমরেড মফিজুর রহমান নান্নুকে ষড়যন্তমূলকভাবে প্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল ২৩ নভেম্বর রাত ৩টায় সিপিবি’র নেতা নান্নুকে তার বাড়ি থেকে পুলিশ ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তার বাড়ি তছনছ করা হয়। গ্রেপ্তারের পর এখন তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সাথে আমরা অবিলম্বে কমরেড নান্নুর নিঃশর্ত মুক্তি দাবি করছি। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের ভোটের অধিকারকে পদদলিত করে সরকার এখন পুলিশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। জনগণের গণতান্ত্রিক অধিকারকে আরো সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে। প্রগতিশীল আন্দোলনের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন, হামলা হচ্ছে। হামলা-নির্যাতন করে জনগণের অধিকার আদায়ের লড়াইকে ঠেকানো যাবে না। তীব্র আন্দোলনের মধ্য দিয়েই দমন-পীড়নের যথাযথ জবাব দেয়া হবে।