বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ ৩০ এপ্রিল ২০২৫ প্রদত্ত এক বিবৃতিতে মহান মে দিবস উপলক্ষে সারা বিশ্বের শ্রমিকশ্রেণি, শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ যথাযথ মর্যাদায় দিবসটি পালন এবং শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তির আন্দোলন বেগবান করতে সচেতন মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রীয় মালিকানার নীতিতে দেশ পরিচালনার কথা থাকলেও লুটেরা পুঁজিপতিরা বারবার রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রীয় কল-কারখানাকে বন্ধ করছে। বিরাষ্ট্রীয়করণের নামে অবাধ লুটপাট অব্যাহত রাখছে। ব্যক্তিমালিকানার নামে অনেক ক্ষেত্রে শ্রমজীবী মানুষের ওপর শোষণের মাত্রা বৃদ্ধি করে লুটপাটের নতুন ধারা তৈরি করা হচ্ছে। শ্রমিকদের জীবনে চরম সংকট সৃষ্টি করে নব্য ধনিক গোষ্ঠীকে আরও ধনী করে শোষণ-বৈষম্য বৃদ্ধি করছে। শ্রমজীবী মানুষের ওপর শুধু শোষণ নয়, তার যতটুকু শ্রম-অধিকার আছে, তা দিনদিন খর্ব করার চেষ্টা চলছে।
২০২৪-এর গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা সামনে এসেছে। অথচ এখন এ বিষয়টি আলোচনার সময় অনুচ্চারিত থাকছে। এই অবস্থায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই শ্রমিক-মেহনতি মানুষকে তার অধিকার আদায় করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, মে দিবসকে অনেকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। এ অবস্থা থেকে বেরিয়ে এসে মে দিবসের বিপ্লবী প্রেরণায় শ্রমজীবী-মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শোষণমুক্তির সংগ্রাম অগ্রসর করতে হবে। মহান মে দিবসে নতুন করে শপথ নিয়ে শ্রমিকশ্রেণিকে সব ধরনের শোষণ-নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তীব্র সংগ্রাম গড়ে তুলতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা ও সর্বত্র ন্যায্য মজুরি নিশ্চিত, সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, হত্যা-নির্যাতন-ছাঁটাই বন্ধ, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
মহান মে দিবসে সিপিবির কর্মসূচি
মহান মে দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আগামীকাল ১ মে সকাল ৮.৩০টায় কমরেড মণি সিংহ সড়কের মুক্তিভবনস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও মহান মে দিবসে বিভিন্ন জেলা ও উপজেলায় সিপিবির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে।