অধ্যাপক আশরাফুজ্জামান সেলিম আর নেই
সিপিবি’র শোক
Posted: 13 নভেম্বর, 2016
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), উত্তরা থানা কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক কমরেড অধ্যাপক আশরাফুজ্জামান সেলিম আর নেই। আজ ১৩ নভেম্বর সকালে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি এ হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে কমরেড অধ্যাপক আশরাফুজ্জামান সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড আশরাফুজ্জামান সেলিম কমিউনিস্ট আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। কৃষিবিদদের আন্দোলন-সংগঠন গড়ে তুলতে এবং বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) দায়িত্ব পালনে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ আরো বলেন, একজন সৎ, দায়িত্বশীল মানুষ হিসেবে কমরেড আশরাফুজ্জামান সেলিম নিজেকে গড়ে তুলেছিলেন। একজন শিক্ষক হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছিলেন শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার কাজে। তাঁর সংগ্রামী জীবন তরুণদের প্রেরণা যোগাবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত কমরেডের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।