গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসীদের ওপর
পুলিশের গুলিবর্ষণের ঘটনায় সিপিবি’র তীব্র নিন্দা
Posted: 06 নভেম্বর, 2016
আজ ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসীদের ওপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উচ্ছেদের জন্য আজ আদিবাসীদের ওপর পুলিশ যেভাবে গুলিবর্ষণ করেছে, তা চরম নিন্দনীয়। কমপক্ষে ৫ জন আদিবাসীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গোবিন্দগঞ্জে সরকারি সম্পত্তি রক্ষার নামে দীর্ঘদিন ধরে আদিবাসীদের উচ্ছেদের চক্রান্ত চলছে। সরকার কোনো গ্রহণযোগ্য পথে না গিয়ে দখলবাজদের পক্ষ নিয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, গুলি করে, হামলা করে জনগণকে কখনো দমন করা যায় না। কোনো বিবেকবান মানুষ এটা মেনে নিতে পারে না। আদিবাসীদের ওপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই সরকারের দমন-পীড়নের জবাব দিতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ পুলিশের গুলিবর্ষণের বিচার দাবি করেন।