’৭২ এর সংবিধানের মূলনীতি প্রতিষ্ঠা ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা হবে না

Posted: 15 ডিসেম্বর, 2023

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র আয়োজনে আজ ১৫ ডিসেম্বর ২০২৩, শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়, পুরানা পল্টন মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুজ্জামান হীরা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিমাই গাঙ্গুলী, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অর্ণব সরকার, ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ কাজী রুহুল আমিন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীল প্রমুখ। সভা সঞ্চালনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বর্তমান গণতন্ত্রহীন পরিবেশ, জনগণের ভোটাধিকার ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত না করে একতরফা প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাজনীতিতে জনগণ নেই এ ধরনের নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। এ নির্বাচন বর্জন করতে হবে।
 
আলোচনা সভা থেকে রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ করে নির্বাচন কমিশনের চিঠির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনাকে সংবিধানবিরোধী উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, এদেশের মেহনতি সাধারণ মানুষের অংশগ্রহণে বিজয় অর্জিত হয়েছে। আজ কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হলেও শাসকগোষ্ঠী দেশকে মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত করছে না।

গণতন্ত্রহীনতা, লুটপাট, সাম্প্রদায়িকতা আর সাম্রাজ্যবাদী আধিপত্য দেশবাসীর মাঝে চেপে বসেছে। এ অবস্থা থেকে দেশ বাঁচাতে জনগণকে ঐক্য গড়ে তুলতে হবে। রাজনীতিতে নীতিনিষ্ঠ শক্তির সমাবেশ ঘটাতে হবে।

নেতৃবৃন্দ বলেন, ’৭২ এর সংবিধানের মূলভিত্তি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, প্রগতিশীল জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যাবে না।