ভোটাধিকার, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসার আহ্বান

Posted: 13 ডিসেম্বর, 2023

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

১৪ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, সকাল ৮টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হবে।
 
১৫ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, বিকেল ৪টায় পুরানা পল্টনস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৬ ডিসেম্বর ২০২৩, শনিবার, সকাল ৯টায়, জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।

আজ ১৩ ডিসেম্বর ২০২৩, বুধবার এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ১৯৭১ এর ১৪ ডিসেম্বর শহীদ হওয়া বুদ্ধিজীবীসহ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ভোটাধিকার, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে নীতিনিষ্ঠ থেকে কমিউনিস্ট পার্টি তার সংগ্রাম বেগবান করবে।

বিবৃতিতে মুক্তিযুদ্ধের চেতনা তথা ’৭২-এর সংবিধানের মূল ভিত্তি প্রতিষ্ঠা এবং চলমান দুঃশাসন হটানোর সংগ্রামে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।