বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক উপদেষ্টা, কমরেড নুরুল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলা হয়েছে- কমরেড নুরুল হাসানের মৃত্যুতে দেশ, মেহনতি মানুষের স্বার্থ রক্ষায় একজন নিবেদিত প্রাণ মানুষকে হারালো।
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ১৩ ডিসেম্বর ২০২২ এক বিবৃতিতে কমরেড নুরুল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৬২‘র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থানসহ এদেশের শ্রমিক-কৃষক মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম, স্বৈরাচার, সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রাম ও গণতন্ত্রের সংগ্রামে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
উল্লেখ্য, কমরেড নুরুল হাসান (৭৭) আজ ১৩ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় আদাবরে নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন।
কমরেড নুরুল হাসান পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন। ১৯৭১ সালে নোয়াখালীতে পাকবাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। বর্ণাঢ্য বাম রাজনৈতিক জীবনে দীর্ঘদিন বিভিন্ন বামপন্থি দলে দায়িত্ব পালন করেন। কৃষক আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন।
২০২১ সালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তে সম্পৃক্ত হন। সিপিবি’র উপদেষ্টা নির্বাচিত হন।
দীর্ঘদিন ধরে তিনি নানাবিধ শারিরীক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন।