শাহবাগে ছাত্রদের মিছিলে পুলিশের হামলা ও মিথ্যা মামলায় সিপিবি’র নিন্দা

Posted: 08 আগস্ট, 2022

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স ৮ আগস্ট প্রদত্ত বিবৃতিতে গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের মিছিলে পুলিশি হামলা এবং হামলা পরবর্তী মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত। ছাত্র সমাজ তাদের অর্পিত দায়িত্ব হিসাবে যখন এই ন্যায্য দাবি নিয়ে সোচ্চার হয়েছে বিনা উস্কানিতে রাষ্ট্রীয় বাহিনী ও লাঠিয়াল বাহিনীর এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটায় এবং আজ দুপুরে অনিক রায়, সালমান সিদ্দিকী, মশিউর রহমান রিচার্ড, জয়দ্বীপ ভট্টাচার্য, সাদেকুল ইসলাম সোহেলসহ ২১ জন ছাত্রনেতার বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা দায়ের করে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যারা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিনা উস্কানিতে হামলা করে, আন্দোলনকারীদের আহত করে তাদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করল-তাদের বিচার না করে উল্টো আন্দোলনকারীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করল। এটা সরকারের স্বৈরাচারী আচরণেরই প্রকাশ। 

নেতৃবৃন্দ বলেন, হামলা-মামলা করে যৌক্তিক আন্দোলনের গতিপথকে রুদ্ধ করা যায় না। বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।