সিরাজগঞ্জে তাড়াশে সিপিবি’র সমাবেশে হামলার নিন্দা

Posted: 15 এপ্রিল, 2022

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে যুবলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সারাদেশের নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবন বিপর্যস্ত। এ দাবিতে চলমান কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সরকার দলীয় শাসকশ্রেণি ভীত সন্ত্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। 

বিবৃতিতে বলা হয়, এভাবে হামলা এবং বাধা দিয়ে গণআন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। নেতৃবৃন্দ বলেন, হামলা ও ভয়ের রাজনীতি ছড়িয়ে দেয়ার অপকৌশল শেষে বুমেরাং হবে। তারা জনগণকে এই অগণতান্ত্রিক আচরণ এবং সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ আজ সিরাজগঞ্জের তাড়াশে কেন্দ্র ঘোষিত কর্মসূচির চলাকালে যুবলীগ নেতা আনোয়ার হোসেন ও ফরহাদ আলী বিদ্যুতের নেতৃত্বে সমাবেশে হামলা করে মাইক ছিনিয়ে নেয়া হয়। নেতৃবৃন্দ উক্ত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করেন। 

উল্লেখ্য, আজ ১৫ এপ্রিল, সকাল ১০টায় সিরাজগঞ্জের তাড়াশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, রেশনিং ব্যবস্থা চালু এবং ন্যায্যমূল্যের দোকানের দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে স্থানীয় যুবলীগ নেতাদের নেতৃত্বে উক্ত সমাবেশে সন্ত্রাসী হামলা চালানো হয়। সাংবাদিক ও জনগণের প্রতিবাদের মুখে পড়ে পরবর্তীতে সন্ত্রাসীরা মাইক ফিরিয়ে দিতে বাধ্য হয়।