চাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ ৩০ লাখ শহীদের স্বপ্নসাধ বাস্তবায়নের শপথ

Posted: 25 মার্চ, 2022

স্বাধীনতা দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ ২৫ মার্চ ২০২২ এক বিবৃতিতে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশের মানুষের মুক্তিসংগ্রামকে ধ্বংস করতে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী অতর্কিত হামলা করে ঢাকায় ছাত্র-ইপিআর-পুলিশ-বস্তিবাসীসহ অসংখ্য নিরীহ ঘুমন্ত মানুষকে হত্যা করেছিল। তারা মুক্তিযুদ্ধের নয় মাসে ত্রিশ লাখ মানুষকে হত্যা করেছে, দুই লাখ নারীকে নিপীড়ন করেছে, কিন্তু বিজয় ঠেকিয়ে রাখতে পারেনি। আজ ৩০ লাখ মানুষের রক্ত ও দুই লাখ নারীর ত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশ শাসক গোষ্ঠীর লুটপাট আর ভ্রান্তনীতির কারণে জন্মকালীন স্বাধীনতার চেতনা থেকে অনেক দূরে। গণতন্ত্র-ধর্মনিরপেক্ষতা- জাতীয়তাবাদ-সমাজতন্ত্রের অঙ্গীকার থেকে দূরে সরে গেছে শাসকগোষ্ঠী। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ গণতন্ত্র হরণ করা হয়েছে, সমাজতন্ত্র নির্বাসিত। অন্যদিকে রাষ্ট্রধর্ম সংবিধানে জেঁকে বসেছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে যোগসাজশে শিক্ষাব্যবস্থা ও পাঠ্যসূচি সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, শ্রমিক-কৃষক মেহনতি মানুষের অধিকার বাস্তবায়িত না হলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না। 

নেতৃবৃন্দ আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কণা পরিমাণ ছাড় দেয়া হবে না। নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধে স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নের সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ ভিশন মুক্তিযুদ্ধ ৭১ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কমিউনিস্ট ও বামপন্থীদের আহ্বান জানান। বিৃবতিতে দেশের বাম-প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে অবস্থান নিয়ে ৭১’র চেতনায় মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করার আহবান জানান হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ স্বাধীনতা দিবসের প্রাক্ককালে মুক্তিযুদ্ধে শহীদদের এবং নিপীড়িত নারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শহীদ পরিবারসমূহের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্বাধীনতা দিবসের কর্মসূচি

আগামীকাল ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন  এবং সারাদেশে পার্টি অফিসে জাতীয় পতাকা ও পার্টি পতাকা উত্তোলন করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে । এছাড়া সভা, সমাবেশ ও সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচি পালন করা হবে।