সৌদি নেতৃত্বে গঠিত সামরিক জোটে বাংলাদেশের সেনা পাঠানো মেনে নেওয়া হবে না - সিপিবি

Posted: 02 জুন, 2016

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ আজ এক বিবৃতিতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের নামে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোটে বাংলাদেশের সেনা পাঠানোর খবরে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে জোট-নিরপেক্ষতার নীতি অনুসরণ করছে। দীর্ঘদিন ধরে অনুসৃত জোট-নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক ও বিপরীতমুখী একটি ‘ইসলামিক সামরিক জোটে’ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যোগদান করার বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে জনগণ অথবা দেশের রাজনৈতিক শক্তিসমূহের সাথে তো দূরের কথা, জাতীয় সংসদেও এ বিষয়ে বিন্দুমাত্র আলোচনা করা হয়নি। সবাইকে হতবাক করে দিয়ে এই জোটে সৈন্য পাঠানোর কথা প্রেস কনফারেন্সের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী জনগণকে অবহিত করেছে। সরকারের এই মনোভাবের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে সৌদি আরব সরাসরি অবস্থান গ্রহণ করেছিল। বাংলাদেশে সন্ত্রাসী জঙ্গি শক্তির আশ্রয়দাতা জামায়াত-ই-ইসলামীসহ বিভিন্ন সন্ত্রাসী প্রতিষ্ঠান যে সৌদি আরবের প্রশ্রয় ও সহায়তায় কাজ করছে, সে কথাও সকলের জানা। সৌদি আরব ‘ইসলামি স্টেট’ আলকায়দা, তালেবানসহ বিভিন্ন সাম্প্রদায়িক সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে বিপুল অর্থ সহায়তা প্রদান করে থাকে ও নানাভাবে তাদেরকে মদদ দিয়ে থাকে বলে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। সৌদি নেতৃত্বে প্রতিষ্ঠিত এই সামরিক জোটের প্রকৃত উদ্দেশ্য যে সাম্প্রদায়িক জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা নয়-তা দিবালোকের মতো স্পষ্ট। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, একথা মনে করার যথেষ্ট কারণ আছে যে, প্রকৃতপক্ষে এই সামরিক জোট গঠন করা হয়েছে সাম্রাজ্যবাদী আমেরিকার নির্দেশে, তার ভূ-রাজনৈতিক ও আধিপত্যবাদী স্বার্থ রক্ষার উদ্দেশে। এই সামরিক জোটে শরিক হওয়ার ফলে বাংলাদেশ আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে পড়ার বিপদের মুখে পড়বে। এসব কথা জানা সত্ত্বেও বাংলাদেশ সরকার কেন আমেরিকা ও সৌদি স্বার্থ রক্ষা করতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে সৈন্য পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে, দেশবাসী তা জানতে চায়। আমরা অবিলম্বে সরকারকে এই আত্মঘাতি তৎপরতা বন্ধ করার দাবি জানাই। অবিলম্বে সৌদি নেতৃত্বাধীন প্রবলভাবে প্রশ্নবিদ্ধ উক্ত সামরিক জোট থেকে বেরিয়ে এসে সাম্প্রদায়িক সন্ত্রাসী জঙ্গি শক্তির বিরুদ্ধে দেশে ও বিশ্বে কার্যকর অর্থপূর্ণ ও দৃঢ় সগ্রাম পরিচালনার জন্য সিপিবি’র নেতৃবৃন্দ বিবৃতিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। বার্তা প্রেরক চন্দন সিদ্ধান্ত কেন্দ্রীয় দপ্তর বিভাগ