কমরেড বদিউজ্জামান বাদলের মৃত্যুতে সিপিবির গভীর শোক

Posted: 07 অক্টোবর, 2021

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, কৃষকনেতা অধ্যাপক কমরেড বদিউজ্জামান বাদল-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম। কমরেড বদিউজ্জামান বাদল গতকাল ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন।

জননেতা অধ্যাপক বদিউজ্জামান বাদলের মৃত্যুতে আজ ৭ অক্টোবর এক শোক বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ বলেন, কমরেড বদিউজ্জামান বাদলের মৃত্যুতে কমিউনিস্ট পার্টি একজন নিবেদিত প্রাণ সহযোদ্ধাকে হারালো। দিনাজপুরের মেহনতি কৃষকরা হারালো তাদের এক প্রিয় নেতাকে। ধান চাষি, টমেটো চাষিদের লাভজনক দাম প্রাপ্তির লড়াইয়ে কমরেড বাদল ছিলেন রাজপথের লড়াকু যোদ্ধা। তিনি টমেটো সংরক্ষণে দিনাজপুরে হিমাগার নির্মাণের লড়াইয়ে নিয়োজিত ছিলেন দীর্ঘদিন ধরে।

নেতৃবৃন্দ বলেন, কমরেড বাদল ছাত্রজীবনে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে ছিলেন। ছাত্রজীবন শেষে ক্লাসরুমে ছাত্র-ছাত্রীদের মানুষ হওয়ার শিক্ষাদানের পাশাপাশি আমৃত্যু নিজের শ্রম ও মেধা নিয়োজিত করেছিলেন মেহনতি শ্রমিক-কৃষকের মুক্তি আন্দোলন গড়ে তোলার জন্য।

নেতৃবৃন্দ তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়ে বলেন, মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক সমবেদনা জানান।