বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ ও জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক আজ ২৪ জুন ২০২১ সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে গতকাল ২৩ জুন দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পাতায় ‘সরকারি হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্ব এনজিও’র কাছে হস্তান্তর করা হচ্ছে’ শিরোণামে প্রকাশিত সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, প্রকাশিত খবর অনুযায়ী মন্ত্রীপরিষদ এহেন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতিমধ্যে চিঠি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, জনগণের স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্রের তথা সরকারের। কিন্তু সরকার বা রাষ্ট্র তার দায়িত্ব অস্বীকার করে জনগণের স্বাস্থ্য সেবার দায়িত্ব সাম্রাজ্যবাদের অর্থায়নে পরিচালিত এনজিও’র কাছে হস্তান্তর করতে চাইছে যা বাস্তবে জনস্বাস্থ্যকে একটা বিপর্যয়ের মুখে ঠেলে দিবে।
বিবৃতিতে বলা হয়, এমনিতেই জনগণের চিকিৎসা ব্যয়ের প্রায় ৭৪% ব্যক্তিকে বহন করতে হয়। এনজিও’র কাছে ছেড়ে দিলে জনগণের ব্যক্তিগত চিকিৎসা ব্যয় আরও বেড়ে যাবে, এমনকি সাধারণ মানুষের নাগালের বাইরেও চলে যাবে।
বিবৃতিতে বলা হয়, ভোট ডাকাতির বর্তমান আমলা-ব্যবসায়ী নির্ভর সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দ না বাড়িয়ে, দক্ষ জনবল নিয়োগ না দিয়ে দুর্নীতি-লুটপাট বন্ধ না করে জনসম্পৃক্ততার ভূয়া আওয়াজ তুলে অবৈজ্ঞানিক ও বাস্তবতাবর্জিত সিদ্ধান্ত নিয়ে জনস্বাস্থ্যকে মুনাফালোভীদের কাছে ছেড়ে দিতে চাইছে যা চরমভাবে আত্মঘাতি সিদ্ধান্ত।
বিবৃতিতে অবিলম্বে এহেন আত্মঘাতি সিদ্ধান্ত বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে জনস্বাস্থ্য নিয়ে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম-প্রগতিশীল-গণতান্ত্রিক দল, ব্যক্তি-গোষ্ঠীর প্রতি আহ্বান জানান।