সিপিবি’র কেন্দ্রীয় নেতা কমরেড আতিয়ার আর নেই সিপিবি’র কেন্দ্রীয় কমিটির শোক

Posted: 16 নভেম্বর, 2015

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সংগঠক মুক্তিযোদ্ধা কমরেড শেখ আতিয়ার রহমান আর নেই। গতকাল ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮বছর। তিনি দীর্ঘদিন ডারমোমায়োসাইটিস রোগে ভুগছিলেন। কমরেড আতিয়ার সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সংগঠক ছাড়াও সিপিবি’র খুলনা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য এবং বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। আজ ১৬ নভেম্বর সকালে খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন দল, সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সিপিবি’র পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, কন্ট্রোল কমিশনের সদস্য কমরেড কাজী সোহরাব হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. মনোজ দাশ, কমরেড এস এ রশীদ, কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড রবিউল ইসলাম খোকন প্রমুখ। সিপিবি’র নেতৃবৃন্দ পার্টির লাল পতাকা দিয়ে প্রয়াতের মরদেহ আচ্ছাদিত করেন এবং কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গেয়ে প্রয়াত কমরেডকে বিদায় জানান। সিপিবি’র নেতৃবৃন্দ ছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ, কমিউনিস্ট লীগ, ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক ফ্রন্ট, কৃষক সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), ক্ষেতমজুর সমিতি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর আসরসহ বিভিন্ন দল, সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান। কমরেড শেখ আতিয়ার রহমানের মৃত্যুতে সিপিবি’র কেন্দ্রীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ বলেছেন, কমরেড আতিয়ার ছিলেন এদেশের কমিউনিস্ট আন্দোলনের এক অভিজ্ঞ ও জনপ্রিয় সংগঠক। গণমানুষের কাছে তাত্ত্বিক বিষয় সহজ-সরলভাবে তুলে ধরতেন তিনি। কৃষক আন্দোলন ও কমিউনিস্ট আন্দোলন গড়ে তুলতে তিনি বিশিষ্ট ভূমিকা পালন করেছেন। কৃষক আন্দোলনের বিশিষ্ট এই নেতা আন্দোলন-সংগঠন গড়ে তোলার পাশাপাশি বামহঠকারিতা ও বামবিচ্যুতির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, কমরেড আতিয়ারের মৃত্যুতে এদেশের কমিউনিস্ট আন্দোলন ও কৃষক আন্দোলন ক্ষতিগ্রস্থ হলো। আমাদের প্রতিদিনের লড়াইয়ে আমরা তাঁকে স্মরণ করবো। তাঁর আদর্শের ঝান্ডা নিয়েই আমরা অগ্রসর হবো। তাঁর স্বপ্নের সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই তাঁর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে। বার্তা প্রেরক চন্দন সিদ্ধান্ত কেন্দ্রীয় দপ্তর বিভাগ